ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

মুন্সীগঞ্জ

ছাত্রলীগ নেতা সাগর ১০ দিনের রিমান্ডে

ছাত্রলীগ নেতা সাগর ১০ দিনের রিমান্ডে
×

আদালতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মুন্সীগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাজ্জাত হোসেন সাগর। ছবি: সমকাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ১৮:৪০

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মুন্সীগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাজ্জাত হোসেন সাগরকে (৩২) ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও হত্যার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা সাগর। সদর থানার সজল হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে বুধবার রাতে ঢাকার ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করা করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় তাকে হস্তান্তর করা হয়। আজ দুপুর দুইটার দিকে তাকে মুন্সীগঞ্জ আদালতে তোলা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবীর বলেন, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে চলে যান সাগর। পরে কোরিয়াতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাকে। সম্প্রতি কঠোর গোপনীয়তায় দেশে ফিরে ঢাকায় বসবাস শুরু করেন। গত এক মাস ধরে তাকে অনুসরণ শুরু করে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ। এর মধ্যে গতকাল রাতে গ্রেপ্তার হন সাগর।

প্রসঙ্গত, গত ২০২৪ সালের ৪ আগস্টে সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সমর্থনে মুন্সীগঞ্জে কর্মসূচি করতে জড়ো হয় কয়েক হাজার ছাত্র-জনতা। এ সময় অস্ত্র-ককটেল নিয়ে তাদের ওপর হামলা করে ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরস্ত্র আন্দোলনকারীরা ইটপাটকেল-লাঠিসোটা নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। এছাড়াও আহত হন শতাধিক ব্যক্তি। এসব ঘটনায় তিনটি হত্যা মামলা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলাতে আসামি করা হয়েছে সাজ্জাত হোসেন সাগরকে।

আরও পড়ুন

×