ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘সুখী দেশ গড়তে তরুণদের বিজ্ঞানমনস্ক হতে হবে’ 

বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব 

‘সুখী দেশ গড়তে তরুণদের বিজ্ঞানমনস্ক হতে হবে’ 
×

অতিথিদের সঙ্গে চ্যাম্পিয়ন কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যলয় ও রানার্সআপ পটুয়াখালীর সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ২১:২১ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ | ২১:২২

বিতার্কিকদের মুখে যুক্তির ঝলকানি, পাল্টা যুক্তির ধারালো তীর– যেন ছোট্ট একটি যুদ্ধক্ষেত্র! একপক্ষের যুক্তি ‘প্রযুক্তিনির্ভরতা শিক্ষার্থীদের সৃজনশীলতাকে কমিয়ে দিয়েছে’। অপরপক্ষের পাল্টা যুক্তি, প্রযুক্তি আসলে শিক্ষার্থীদের সৃজনশীলতাকে সীমিত করেনি; বরং নতুন দিগন্ত খুলে দিয়েছে। তাদের মতে, প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, তবে সেটিই হতে পারে সৃজনশীলতার সবচেয়ে বড় অনুপ্রেরণা। চূড়ান্ত পর্বে এই বিষয়ের পক্ষে-বিপক্ষে জমে উঠে তুমুল লড়াই। বৃহস্পতিবার এমন দৃশ্য দেখা যায় বিজ্ঞান বিতর্ক আসর বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বিভাগীয় পর্যায়ের মঞ্চ বরিশালে। 

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে ১১তম আসরের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে বরিশালে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

বরিশাল নগরীর আছমত আলী খান ইনস্টিটিউশনে অনুষ্ঠিত যুক্তি-তর্কের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যলয়। রানার্সআপ হয় পটুয়াখালীর সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় রানার্সআপ দলের দলনেতা আবদুর নুর আলফি। 

সমকালের সহযোগী সম্পাদক সাইফুর রহমান তপনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম। তিনি বিতর্ক শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। এর আগে সকালে বিতর্কের উদ্বোধন করেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা সভাপতি অধ্যাপক কাজী জাবের আহমেদ। 

প্রধান অতিথি অধ্যক্ষ ড. শেখ তাজুল ইসলাম বলেন, মন ও মননের সঙ্গে বিজ্ঞানকে সম্পৃক্ত করতে হবে। বিজ্ঞান শিক্ষা সংবিধানে আবশ্যক করা হলে তার ধারাবাহিকতায় সমাজ, সংস্কৃতি, শিক্ষায় বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটবে তৃণমূল পর্যন্ত। 

অতিথিরা বলেন, বিজ্ঞানের ইতিবাচক চর্চাকে আন্দোলনে রূপ দিয়ে এ আয়োজন অব্যাহত রাখতে হবে। সুখী-সমৃদ্ধিশালী দেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। উন্নত দেশের জন্য প্রয়োজন সৃজনশীল নাগরিক। আর সৃজনশীল নাগরিক হতে হলে বর্তমান প্রজন্মকে অনুসন্ধানী ও জ্ঞানপিপাসু হবে। সমকালের এ আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে কুসংস্কার, সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশের বরিশাল শাখার সভাপতি শামীম মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক শিমু আক্তার। সমন্বয়ক ছিলেন বরিশাল ব্যুরো ইনচার্জ সুমন চৌধুরী। 
 

আরও পড়ুন

×