তিন দিন ধরে ইউরিয়া উৎপাদন বন্ধ, তদন্ত কমিটি গঠন
ফাইল ছবি
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ২৩:২৭
তিন দিন ধরে উৎপাদন বন্ধ নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার। ত্রুটি দেখা দেওয়ায় গত ৩০ অক্টোবর রাত ২টার দিকে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে দৈনিক ২ হাজার ৮০০ টন ইউরিয়া সার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে কারখানাটি।
বিসিআইসির চেয়ারম্যান ফজলুর রহমান এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান শনিবার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন করেছেন।
সার কারখানার জিএম (কারিগরি) সরফরাজ খান জানান, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে উৎপাদন বন্ধ রয়েছে। কী কারণে কারখানায় ত্রুটি দেখা দিয়েছে, তা খতিয়ে দেখতে তাঁকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে কারখানা বন্ধের কারণ জানাতে ও প্রস্তাবনা দিতে বলা হয়েছে।
সার কারখানার জেনারেল ম্যানেজার (বাণিজ্য) আতিকুর রহমান খানের ভাষ্য, যান্ত্রিক ত্রুটির কারণে গত বৃহস্পতিবার রাতে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগের প্রায় ২৪ হাজার টন ইউরিয়া সার মজুত রয়েছে। গত অর্থবছরে আট লাখ টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও উৎপাদন হয়েছে ৮ লাখ ১৬ হাজার টন। এই কারখানার বার্ষিক উৎপাদনক্ষমতা ১০ লাখ টন।
সার কারখানার জিএম (প্রশাসন) ফখরুল আলম জানান, এই কারখানায় গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইউরিয়া সার উৎপাদন হয়েছে। গত বৃহস্পতিবার হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। তাঁর আশা দ্রুতই উৎপাদন শুরু হবে। যতদিন উৎপাদন বন্ধ থাকবে, এর জন্য খুব বেশি সার সংকট হবে না বলে দাবি তাঁর। কারণ কারখানা থেকে উৎপাদিত বস্তা এবং খোলা অবস্থায় প্রচুর পরিমাণে সার গুদামে রয়েছে।
প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা, যা ২০২৩ সালের ১২ নভেম্বর উদ্বোধন করা হয়।
