ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উদীচীর কার্যালয়ে চার মাস ধরে তালা

উদীচীর কার্যালয়ে চার মাস ধরে তালা
×

কার্যালয়ে তালা লাগানোর প্রতিবাদে বুধবার মানিকগঞ্জ উদীচীর কর্মসূচি সমকাল

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫ | ০৮:০৯

| প্রিন্ট সংস্করণ

চার মাস ধরে কার্যালয়ে তালা। কার্যক্রম চালাতে পারছে না মানিকগঞ্জের উদীচী শিল্পীগোষ্ঠী। এ অবস্থায় ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন সংস্কৃতিকর্মীরা। গতকাল বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। 
জানা যায়, জেলা সদরে অর্পিত সম্পত্তির একটি ভবনের ছাদের ঘরে ১৯৯১ সাল থেকে উদীচীর জেলা কার্যালয় পরিচালিত হয়ে আসছে। মানিকগঞ্জ জেলা প্রশাসন থেকে এজন্য লিজ নেওয়া হয়েছে। উদীচীর নামে রয়েছে বিদ্যুৎ সংযোগ। একতলা ওই ভবনে রয়েছে রেড ক্রিসেন্টের কার্যালয় এবং দুটি দোকানঘর। ছাদের চিলেকোঠায় উদীচীর কার্যালয়। পরবর্তী সময়ে জেলা পরিষদের অনুদানে ছাদে উদীচী একটি টিনশেড ঘর নির্মাণ করে। 

জেলা উদীচীর সভাপতি মজিবুর রহমান জানান, প্রতি বছর যথাযথ নিয়মে উদীচীর লিজ নবায়ন করা হচ্ছে। মাস চারেক আগে রেড ক্রিসেন্টের যুব সংগঠনের পরিচয় দিয়ে স্বপন, এহসান ও জিসান জেলা উদীচীর কার্যালয়ে তালা লাগিয়ে দেন। চলতি বছর লিজ নবায়ন করতে গেলে জেলা প্রশাসকের কার্যালয়ের লিজ শাখার কর্মচারীরা বলেন, স্বপন নামে এক ব্যক্তি উদীচীর লিজ নবায়নে আপত্তি জানিয়েছেন। 

মজিবুর রহমান আরও বলেন, কার্যালয়ে তালা দিয়ে বন্ধ করে রাখায় শিল্পীরা শিল্পচর্চা করতে পারছেন না। একটি বৈধ সংগঠনের কার্যালয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী এভাবে তালা দিয়ে বন্ধ করে রাখতে পারে না। ঘটনার পরপরই বিষয়টি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়ে অবগত করা হয়। জেলা প্রশাসক ওই সময় বলেছিলেন, দ্রুত সময়ের মধ্যে তালা খুলে দেওয়া হবে। কিন্তু চার মাস হয়ে গেলেও কোনো উদ্যোগ নেননি জেলা প্রশাসক। 

অভিযোগের বিষয়ে জেলা যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা রবিউল আলম স্বপন বলেন, ওই ভবনের ছাদ জেলা প্রশাসন থেকে উদীচীকে লিজ দেওয়া হয়নি। উদীচীর শিল্পীরা ১৯২৯ সালে নির্মিত ভবনটির ঝুঁকিপূর্ণ এই ছাদ ব্যবহার করায় যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে জেলা প্রশাসকের কাছে উদীচীর নামে লিজ নবায়নে আপত্তি জানানো হয়েছে। উদীচীর কার্যালয়ে তালা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমার জানা মতে, ওইখানে বৈষম্যবিরোধী ছাত্ররা তালা দিয়েছে।  
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ওমর ফারুক জানান, তাদের সংগঠনের কোনো নেতাকর্মী উদীচী কার্যালয়ে তালা দেননি। তিনি বলেন, যতটুকু শুনেছি, যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে তালা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেন, উদীচী কার্যালয়ে তালা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন

×