ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মতবিনিময়ে বক্তারা

অবৈধভাবে বিদেশযাত্রায় অর্থনৈতিক ক্ষতি বাড়ছে

অবৈধভাবে বিদেশযাত্রায় অর্থনৈতিক ক্ষতি বাড়ছে
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ | ১৯:৪৮

অবৈধভাবে বিদেশযাত্রায় অর্থনৈতিক ক্ষতি বাড়ছে। এর জন্য ভুল তথ্য ও অন্যের প্ররোচনাকে দায়ী করেছেন ফরিদপুরে আয়োজিত একটি মতবিনিময় সভার বক্তারা। পরিবার ও রাষ্ট্রকে এমন ক্ষতি থেকে রক্ষায় নিরাপদ অভিবাসনের ওপর গুরুত্ব দিয়েছেন তারা। 

সোমবার দুপুরে ফরিদপুরে একটি রেস্তোরাঁয় ওই সভার আয়োজন করে রাইটস যশোর নামের একটি বেসরকারি সংস্থা। তাদের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপদ অভিবাসনের জন্য ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় ‘সিনেমা আঙিনা’ প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের প্রথম ধাপে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ২০০ জনকে নিয়মিত বিদেশ গমনে তথ্যগত সহযোগিতা, প্রশিক্ষণ, আটকে পড়া বা বিপথগামী অভিবাসীদের উদ্ধারে সহায়তা করা হবে। পাশাপাশি ৬০ জন বিদেশ গমনেচ্ছুকে সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশেই স্বাবলম্বী করার চেষ্টা চলবে। 

প্রকল্পটি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ওই সংস্থার প্রোগ্রাম কর্মকর্তা প্রদীপ দত্ত। তিনি বলেন, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলে অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা বেশি। তারা কেউ সঠিক নিয়মে যাচ্ছেন না, যে কারণে অনেকে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি নিঃস্ব হয়ে পড়ছেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগণকে অনিরাপদ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জানানো। পাশাপাশি নিরাপদ অভিবাসনের সঠিক তথ্য দিয়ে জ্ঞানগত দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা হিসেবে তৈরি ও নিরাপদ অভিবাসনের সুযোগ বিষয়ে অনুপ্রাণিত করা তাদের লক্ষ্য। 
সংস্থাটির নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের ভাষ্য, বেঁচে থাকার জন্য ন্যূনতম কিছু করেও স্বাবলম্বী হওয়া যায়। ২০ লাখ টাকা দিয়ে প্রতারণার শিকার বা মৃত্যুর ঝুঁকির বদলে দেশেই পাঁচ লাখ টাকা দিয়ে স্বাবলম্বী হওয়া যায়। তাদের দক্ষ করার লক্ষ্যে রাইটস যশোর কাজ করবে।

সভায় অংশ নিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রতিনিধি অমল বিশ্বাস জানান, অন্যের প্রচারণায় ও সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে অনেকেই প্রবাসে গিয়ে হয়রানির শিকার হন। এই সমস্যা হয়ে থাকে ট্রানজিট দেশগুলোতে। ইতালির ক্ষেত্রে ট্রানজিট দেশ হিসেবে লিবিয়াকে ব্যবহার করা হয়। ভুল তথ্যের কারণে এখানে গিয়েই অনেকে প্রতারণা ও নির্যাতনের শিকার হচ্ছেন। ইতালি ও বাংলাদেশের মধ্যে অনিয়মিত অভিবাসীদের জন্য কাজ করে যাচ্ছে আইওএম। এই অঞ্চলের কেউ থাকলে রাইটস যশোরের মাধ্যমে তাদের সহযোগিতা করা হবে।

সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান জাহিদ রিপন। এ সময় বিভিন্ন স্থানীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×