ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেহেরপুরে এসপির বাড়িতে আগুন, ফায়ার সার্ভিস বলল- শর্ট সার্কিট

মেহেরপুরে এসপির বাড়িতে আগুন, ফায়ার সার্ভিস বলল- শর্ট সার্কিট
×

বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ পুলিশ সুপারের সরকারি বাসভবনের ২য় তলার একটি রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একটি টিম আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: সমকাল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ২০:৩৫

মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসি থেকে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ পুলিশ সুপারের সরকারি বাসভবনের ২য় তলার একটি রুমে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে বাসভবনে থাকা পুলিশ সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় ভবনের ২য় তলায় থাকা বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এসির লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মেহেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ডিএডি জাকরিয়া হায়দার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করি। আধাঘণ্টার মধ্যে আগুন পুরো নিয়ন্ত্রণে চলে আসে। ক্ষয়ক্ষতির বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির বৈদ্যুতিক সংযোগ থেকেই আগুনের সূত্রপাত।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন বলেন, ঘটনার সময় পুলিশ সুপার অফিসে ছিলেন। বাসায় কেউ না থাকায় হতাহত হয়নি। উপরের তলায় বেশিরভাগ জিনিস আগুনে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়ে ফায়ার সার্ভিস কাজ করছে।

আরও পড়ুন

×