ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চট্টগ্রামে ফের হেলে পড়েছে সাবেক মেয়র মনজুরের সাততলা ভবন

চট্টগ্রামে ফের হেলে পড়েছে সাবেক মেয়র মনজুরের সাততলা ভবন
×

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ২০:০০

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় একটি সাততলা ভবন পাঁচ বছর আগে ভূমিকম্পে কিছুটা হেলে পড়েছিল। শুক্রবার সকালে ভয়াবহ ভূমিকম্পের পর ভবনটি আরও হেলে পড়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ভবনটি সাবেক মেয়র মনজুর আলমের মালিকানাধীন বলে জানান স্থানীয়রা। 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ জানান, স্থানীয়রা জানিয়েছেন সাততলা ভবনটি পাশের আরেকটি ভবনের দিকে হেলে পড়েছে। খবর পেয়ে সেখানে যান তারা। স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন ভবনটি আগে থেকে হেলানো ছিল। আবার কেউ বলেছেন ভূমিকম্পে হেলে পড়েছে।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। ভবনটি আগেই হেলানো ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। সাততলা ভবনটিতে ১০টি পরিবার বসবাস করে। নিচতলায় ডায়াবেটিস পরীক্ষা নিরীক্ষার একটি কেয়ার সেন্টার রয়েছে। পরিবারগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

পাশের ভবনের মালিক আব্দুল্লাহ বিন আশরাফ বলেন, পাঁচ বছর আগে ভবনটি হেলে পড়েছিল। তখন সিডিএকে জানানো হয়েছিল। তারা পরিদর্শনের পর উপরের দুইতলা ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিলেন। সেটি ভবন মালিক মানেননি। এখন ভূমিকম্পে এটি আরও বেশি হেলে পড়েছে।

জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত। মালিক নিজেরা না ভাঙলে, সিটি করপোরেশনকে ভেঙ্গে ফেলার জন্য তালিকা দেওয়া হবে। 

জানতে চাইলে ভবনটির মালিক সাবেক মেয়র মনজুর আলম বলেন, ‘হেলে পড়ার কথা শুনে ভবনটি দেখা হয়েছে। প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
 
চট্টগ্রামে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে ভবনটি ছাড়া নগরের কোথাও কোন ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পলাশ দে সমকালকে বলেন, ‘সকালে অফিসে  কাজ করছিলাম। এ সময় হঠাৎ দেখি আমাদের পুরো ভবনটি হালকা কেঁপে উঠে। ভয়ে আমরা ভবন থেকে নিচে নেমে পড়ি।’

আরও পড়ুন

×