ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বৈষম্যবিরোধী চেতনার বিপরীতে পরিচালিত হচ্ছে দেশ: বাসদ সভাপতি

বৈষম্যবিরোধী চেতনার বিপরীতে পরিচালিত হচ্ছে দেশ: বাসদ সভাপতি
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ | ০০:১০

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সভাপতি বজলুর রশীদ ফিরোজ বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পরও বৈষম্যবিরোধী চেতনার বিপরীতে পরিচালিত হচ্ছে দেশ। একদিকে দখল-চাঁদাবাজি আর অন্যদিকে চট্টগ্রামসহ তিনটি বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা চলছে। কথিত মানবিক করিডোর, অস্ত্র কারখানা, স্টার লিংকের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা সরকার হুমকিতে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার বরিশাল শহরের ফজলুল হক অ্যাভিনিউতে বাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৮তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বজলুর রশীদ আরও বলেন, শ্রমিক-জনতা রক্ত দিয়ে স্বৈরাচারী সরকারকে হটিয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে গণমানুষের স্বার্থের বদলে সংস্কার, আদেশ, গণভোট ইত্যাদি অপ্রয়োজনীয় বিতর্কে সময় ক্ষেপণ করছে। সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও সম্প্রতি তা বানচালের নানা ষড়যন্ত্র দেখা যাচ্ছে।

সমাবেশে বক্তারা বরিশালের সকল প্রতিষ্ঠানে যুগোপযোগী বেতন স্কেল ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, ব্যাটারিচালিত যানবাহনের স্বীকৃত লাইসেন্স দেওয়া, নগরীতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা-ড্রেন সংস্কার, নারীবান্ধব পাবলিক টয়লেট, ডে কেয়ার সেন্টার নির্মাণসহ ১০ দফা দাবি জানান।

বাসদের জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সিপিবি সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জলিলুর রহমান, বাসদের শহিদুল শেখ, দুলাল মল্লিক, ছাত্র ফ্রন্টের সুজন আহমেদ প্রমুখ।

আরও পড়ুন

×