ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

চট্টগ্রামে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

চট্টগ্রামে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০ | ১৩:৩৮ | আপডেট: ০৪ আগস্ট ২০২০ | ১৩:৫০

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার ফারুক আব্দুল্লাহ’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

রোববার রাতে মোরশেদুর রহমান নাদিম নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে বাঁশখালী থানায় এই মামলা করেন। মোরশেদ বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ঘনিষ্ট  অনুসারী হিসবে পরিচিত।

মামলার এজাহারে সাংবাদিক ফারুক আব্দুল্লাহ ফেসবুকে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে জনমত গড়ে তুলছেন বলে অভিযোগ করেন মোরশেদুর রহমান।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সাংবাদিক ফারুক আব্দুল্লাহ ফেসবুকে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে জনমত গড়ে তুলছেন- এমন অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন মোরশেদুর রহমান নাদিম নামে এক যুবলীগ কর্মী। আমরা বিষয়টি তদন্ত করছি।'

২৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাঁশখালীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফ। ২৭ জুলাই বাঁশখালীর শেখেরখীল এলাকায় জানাজার নামাজ শেষে গার্ড অব অনার ছাড়াই দাফন করা হয় মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ করেন। ডা. আলী আশরাফ শেখেরখীল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। ডা. আলী আশরাফ বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই।

২৭ জুলাই বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বক্তব্যের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী দাবি করেছেন, ‘বাঁশখালীতে কোন মুক্তিযুদ্ধ হয়নি। সেখানে কোন মুক্তিযোদ্ধাও নেই।'

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বক্তব্যের বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের আত্মীয় সাংবাদিক ফারুক আব্দুল্লাহ। এ কারণে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন মোস্তাফিজুর রহমানের অনুসারী মোরশেদুর রহমান।


আরও পড়ুন

×