ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লা 

বাড়ি থেকে ধরে এনে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

বাড়ি থেকে ধরে এনে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
×

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১৭:৩০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ | ১৭:৪৭

কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে এনে মো. মুছা (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার মধ্য রাতে চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মুছা ওই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদসার গ্রামের ময়নাল হোসেন কাদুটি বাজারে মোবাইল ফোনের ব্যবসা করেন। ১০ দিন আগে ময়নাল বাজার থেকে বাড়ি যাওয়ার সময় পথে ছিনতাইকারীরা আক্রমণ করে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন কেড়ে নেয়। ওই ঘটনায় ময়নাল মুছাকে সন্দেহ করে। মুছা গত ৮-১০ দিন বাড়িতে না থাকায় সন্দেহ আরও বাড়ে। রোববার রাতে মুছা বাড়িতে আসলে তার বাড়ির লোকজন ময়নালকে খবর দেয়। রাত সাড়ে ১২টায় ময়নাল, তোফাজ্জলসহ আরও কয়েকজন এসে মুছাকে বাড়ি থেকে ধরে নিয়ে গণপিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার। ঘটনাস্থলে মুছার মৃত্যু হলে মরদেহ ফেলে আত্মগোপনে চলে যায় হামলাকারীরা।

ব্যবসায়ী ময়নাল হোসেনের চাচাতো ভাই ইউপি সদস্য সামির হোসেন বলেন, ১০-১২ দিন আগে ময়নালকে রাতের অন্ধকারে আটক করে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র। এ সময় ময়নালকে বৈদ্যুতিক শক দিয়ে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

মুছাকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‌‘এ সময় আমি বাড়িতে ছিলাম না। শুনেছি মুছার বাড়ির লোকজনই ময়নালদের ফোন করে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে।’

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম ও পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×