ধামরাইয়ে বন্যার পানি দেখতে গিয়ে ৭ দিন ধরে নিখোঁজ দুই ভাই
বাঁ থেকে সালেহুন সিদ্দিক সুফি ও সাকরান সাজিদ সানি- সংগৃহীত ছবি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ০২:১৬
ঢাকার ধামরাইয়ে সালেহুন সিদ্দিক সুফি (১৩) ও সাকরান সাজিদ সানি (৬) নামে দুই ভাই গত সাতদিন ধরে নিখোঁজ রয়েছে। গত বৃহস্পতিবার সকালে তারা দুই ভাই মায়ের কাছে ধামরাইয়ের হাজিপুর ব্রিজে বন্যার পানি দেখার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তারা আর বাসায় ফেরেনি। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করা হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এতে তাদের মা-বাবা ও স্বজনরা উৎকন্ঠা আর উদ্বিগ্নে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, সালেহুন সিদ্দিক সুফি ধামরাই পৌর শহরের বিজয়নগর এলাকার একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ও সাকরান সাজিদ সানি পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেজিতে লেখাপড়া করে। তাদের বাবা মনিরুল ইসলাম শান্ত ঝিনাদহের মহেশপুরের বাথানগাছি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ধামরাইয়ের পাঠানটোলা মহল্লার নাসিমের বাসায় ভাড়া থেকে মুন্নু সিরামিক কারখানায় চাকরি করেন।
বাবা মনিরুল ইসলাম শান্ত বলেন, ‘গত সাতদিন ধরেই এলাকায় মাইকিং করার পাশাপাশি হাজীপুর বংশী নদীতে কয়েক কিলোমিটার পর্যন্ত ট্রলার নিয়ে খুঁজেছি। কিন্তু কোথাও দুই ছেলেকে পাচ্ছি না।’
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘সুফি ও সানির নিখোঁজের বিষয়ে আমাদের বিভিন্ন ইউনিটে বেতারের মাধ্যমে সংবাদ পৌঁছিয়ে দিয়েছি। পাশাপাশি তাদের উদ্ধারের জন্য চেষ্টা করছি।’
- বিষয় :
- ঢাকা
- ধামরাই
- বন্যা
- নিখোঁজ
- দুই ভাই নিখোঁজ