ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

নোয়াখালীতে করোনায় গৃহবধূর মৃত্যু

নোয়াখালীতে করোনায় গৃহবধূর মৃত্যু
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ০৪:৩৫

নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মোশারেফা আরা খাতুন (৭৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৬ জনে। জেলায় নতুন করে করোনায় আরও আক্রান্ত হয়েছেন ৭৮ জন। বুধবার দুপুরে এসব  তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. সঞ্জয় কুমার নাথ জানান, জ্বর ও কাশিসহ করোনার উপসর্গ থাকায় গত ২০ জুলাই গৃহবধূ মোশারেফা আরা খাতুনের নমুন সংগ্রহ করা হয়। ২২ জুলাই তার করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। কয়েকদিন আইসোলেশনে থাকার পর তিনি সুস্থ হয়ে উঠেন। মঙ্গলবার রাতে হঠাৎ তিনি অসুস্থতা বোধ করার কিছুক্ষণ পরই মারা যান। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৮ জনের।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৯, সুবর্ণচরে ৩, বেগমগঞ্জে ১৩, সোনাইমুড়ীতে ৫, চাটখিলে ১, সেনবাগে ৫, কোম্পানীগঞ্জে ১৫ ও কবিরহাট উপজেলায় ৭ জন। জেলায় মোট আক্রান্ত এখন ৩ হাজার ২৭৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮৯ এবং আইসোলেশনে আছেন ৮১৮ জন। 

আরও পড়ুন

×