ভেড়ামারায় ধানখেতে পড়ে ছিল এক ব্যক্তির মুখ পোড়ানো-গলাকাটা মরদেহ
ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ সদস্যরা। ছবি: সমকাল
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ১২:৩৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ | ১২:৪৫
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি ধানখেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মুখ পোড়ানো ও গলাকাটা বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে কৃষকরা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলের মাঠে ধানখেতে মরদেহটি দেখে পুলিশে খবর দেয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল রব তালুকদার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় কৃষকরা জানান, বুধবার সকালে প্রতিদিনের মতো তারা মাঠে ধান কাটতে যায়। এসময় রামচন্দ্রপুর বিলের মাঠে কৃষক মনিরের জমিতে তারা মধ্যবয়সী এক পুরুষের মুখ পোড়ানো, গলাকাটা বিবস্ত্র মরদেহ দেখতে পায়। তারা জানায়, অজ্ঞাত ব্যক্তিটিকে গতকাল মঙ্গলবার রাতেই হয়তো গলা কেটে হত্যা করা হয়েছে। পরবর্তীতে মরদেহটির মুখে আগুন দিয়ে পার্শ্ববর্তী ধানখেতে দুর্বৃত্তরা ফেলে রেখে যায়। সকালে মরদেহ দেখে আতঙ্কিত কৃষকরা পুলিশে খবর দেয়।
স্থানীয় কৃষক রাজা আলী বলেন, ‘সকালে আমি আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। আমার ঠিক পাশের জমিতেই তাকিয়ে দেখি পুতুলের মতো কি যেন পড়ে আছে। কাছে দিয়ে দেখি, মধ্যবয়সী একজন মানুষের মুখ পোড়ানো ও গলাকাটা বিবস্ত্র মরদেহ পড়ে আছে। পরবর্তীতে আমি কৃষক রুহুল শেখের মোবাইল থেকে পুলিশকে বিষয়টি জানিয়েছি।’
ভেড়ামারা থানার ওসি মো. আবদুর রব তালুকদার বলেন, ‘মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অপরাধী শনাক্তের কাজ করছে।’
