ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

হাতিয়ায় মালবাহী জাহাজ ডুবে ৩ নাবিক নিখোঁজ

হাতিয়ায় মালবাহী জাহাজ ডুবে ৩ নাবিক নিখোঁজ
×

আটকা পড়া জাহাজ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ০৮:৪২

প্রবল স্রোতে নোয়াখালীর হাতিয়ায় মালবাহী জাহাজ ডুবে ৩ নাবিক নিখোঁজ রয়েছেন। পানি স্বল্পতার কারণে মেঘনা নদীতে আরও দুই জাহাজ আটকা পড়েছে। 

বুধবার সকালে উপজেলার নলচিরা ঘাট-ভাসান চরের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। 

বালুচরে আটকা পড়া মালবাহী জাহাজ বাংলার সৈনিক-৩ এর সারেং আবদুর রহিম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে নরসিংদীর পলাশ উপজেলার দেশ বন্ধু সুগার মিলের চিনি তৈরির কাঁচামাল বোঝাই করে আন নূর-১, বাংলার সৈনিক-৩ ও গ্রিন পদ্মা-২ ভোর ৫টায় ঢাকার উদ্দেশে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। 

বাংলার সৈনিক-৩ এর সারেং আবদুর রহিম জানান, ১ হাজার মেট্রিক টন চিনি তৈরির কাঁচামাল বোঝাই আন নূর-১ জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসার পর সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম ও হাতিয়ার মাঝামাঝি এলাকা চট্টগ্রাম আউটারের ৩ নম্বর পজিশন বঙ্গোপসাগর এলাকায় পৌঁছানোর পর প্রবল স্রোতে জাহাজটির তলদেশ ফেটে যায়। এতে ১৩ জন নাবিকসহ জাহাজটি ডুবে যায়। এদের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও স্রোতের তোড়ে ৩ নাবিক নিখোঁজ রয়েছেন। 

এদিকে, ১ হাজার ২৫০ মেট্রিক টন চিনি তৈরির কাঁচামাল নিয়ে বাংলার সৈনিক-৩ ও ১ হাজার ২০০ মেট্রিক টন কাঁচা মাল নিয়ে গ্রিন পদ্মা-২ চট্টগ্রাম বন্দর থেকে সকাল ৬টার দিকে ঢাকার উদ্দেশে বন্দর থেকে যাত্রা শুরু করে। গ্রিন পদ্মা-২ এর সারেং ইব্রাহীম ও বাংলার সৈনিক-৩ এর সারেং আবদুর রহিম জানান, তারা জাহাজ নিয়ে ঢাকা যাওয়ার পথে বেলা ১১টার দিকে হাতিয়া উপজেলার ভাসানচর ও হাতিয়ার নলচিরা ঘাটের মাঝামাঝি এলাকায় পৌঁছানোর পর প্রবল স্রোতে জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে জাহাজগুলো চরে আটকা পড়ে। দুই জাহাজে ২৫ নাবিক ছিলেন। তবে সবাই নিরাপদে রয়েছেন। 

এ ব্যাপারে কোস্টগার্ড হাতিয়া স্টেশন কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়ার সঙ্গে কথা বললে তিনি এ ব্যাপারে শুনেছেন তবে বিস্তারিত কোন তথ্য দিতে পারেননি।

কোস্টগার্ড চট্টগ্রামের স্টাফ অফিসার লে. কমান্ডার হাবিবুর রহমান বলেন, বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড এলাকা থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে চিনি তৈরির কাঁচামালবোঝাই একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে ১৩ জন নাবিকের মধ্যে প্রথমে ১০ জনকে এবং পরবর্তীতে আরও জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এক নাবিক নিখোঁজ রয়েছেন। তিনি ডুবে যাওয়া জাহাজটির বাবুর্চি ছিলেন। তাকে উদ্ধারের জন্য কোস্টগার্ড ও নৌবাহিনীর একাধিক টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। 

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জাহাজডুবির ও আটকে পড়ার ঘটনার কথা শুনেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কোন তথ্য দিতে পারেনি।


আরও পড়ুন

×