ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

সরকারি হাসপাতালের পাশেই ভাগাড়, দুর্ভোগ

সরকারি হাসপাতালের পাশেই ভাগাড়, দুর্ভোগ
×

কমলগঞ্জ উপস্বাস্থ্য কমপ্লেক্সের খালি জায়গায় ময়লার স্তূপ। বৃহস্পতিবার তোলা সমকাল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ০৭:৪২

| প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপস্বাস্থ্য কমপ্লেক্সের পাশের খালি জায়গায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলায় তা ভাগাড়ে পরিণত হয়েছে। কমলগঞ্জ-মৌলভীবাজার সড়ক ঘেঁষে উপজেলার মুন্সিবাজার এলাকায় এ ভাগাড়ের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী ও পথচারীদের। 
সরেজমিন দেখা যায়, ময়লা-আবর্জনা ফেলার স্থানে একটি টিনের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। তাতে লেখা রয়েছে, ‘সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে ময়লা-আবর্জনা ফেলা নিষেধ। আদেশক্রমে কর্তৃপক্ষ।’ কিন্তু সাইনবোর্ড থাকলেও সেখানে রয়েছে বড় আকারের ময়লার স্তূপ। দেখে বোঝার উপায় নেই পাশেই একটি হাসপাতাল। হাসপাতালের প্রবেশ পথেও জমে আছে ময়লার স্তূপ।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শত শত স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, পার্শ্ববর্তী বাজারের ক্রেতা-বিক্রেতা ও পথচারী আসা-যাওয়া করেন। কিন্তু মুন্সিবাজার উপস্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এলেই দুর্গন্ধে দুর্ভোগের মুখে পড়তে হয় তাদের। কারণ স্থানীয় মুন্সিবাজারের ব্যবসায়ীরা প্রতিনিয়ত ওই জায়গায় ময়লা-আবর্জনা ফেলেন। এসব পচে সৃষ্টি হয়েছে চরম দুর্গন্ধ।

রহিম মিয়া নামে এক পথচারী বলেন, রাস্তার পাশে আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করে রাখা হয়েছে। এখানে একটি হাসপাতালও আছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষকে যাতায়াত করতে হয়। একটু বৃষ্টি হলেই এসব বর্জ্য সড়কে ছড়িয়ে পড়ে। এটা কোনোভাবেই সহ্য করার মতো নয়। 
কলেজ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা মাহমুদ মিয়া বলেন, অসুস্থ হলেই এলাকার মানুষ আসা-যাওয়া করত এই হাসপাতালে। বর্তমানে সামনে ভাগাড় থাকায় হাসপাতালই অসুস্থ। এলাকাবাসী প্রতিবাদ করলেও ময়লা-আবর্জনা ফেলা বন্ধ হচ্ছে না। 
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজীজ আহমদ বলেন, সেখানে ময়লা-আবর্জনা ফেলায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে বেশ কয়েক জায়গায় অভিযোগ দিলেও কোনো প্রতিকার মেলেনি।

স্থানীয় মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিমেল চৌধুরীর ভাষ্য, ‘ময়লা ফেলার জায়গা না থাকায় সেখানে ফেলা হচ্ছে। আমাদের কিছু করার নেই। সরকারি জায়গায় আমরা যেমন দোকানদারি করছি, ঠিক এটাও সরকারি জায়গা, তাই এখানে ফেলা হচ্ছে।’
স্থানীয় মুন্সিবাজার ইউপি চেয়ারম্যার নাহিদ আহমদ তরফদার জানান, তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি তুলে ধরেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ময়লা অপসারণের জন্য বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। কিন্তু সমস্যার প্রতিকার মেলেনি। আবারও তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন তিনি। 
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, যে স্থানে আবর্জনা ফেলা হচ্ছে, সেই জায়গাটা স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

 

আরও পড়ুন

×