সালথায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ১০:৫৬
ফরিদপুরের সালথায় পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম মাতুব্বর (৪৫) কে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ফরিদপুর শহর থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের মো. রফিকুল ইসলাম ওরফে রফিক মাতুব্বরের ছেলে ও মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ এর নেতৃত্বে এস আই শহিদুল ইসলাম ও এস আই মোস্তফা কামালসহ সালথা থানা পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শাহ আলম মাতুব্বরকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে তার কাছে মজুদকৃত দেশীয় অস্ত্র ২ টি ছোড়া, ১ টি রামদা ও ১০ টি সরকি উদ্ধার করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, শাহ আলমকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। শান্তি শৃংঙ্খলা রক্ষায় যে কোনো অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।