মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৫
| প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ সদরের মানড়ায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রোববার রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে। তবে এতে স্মৃতিস্তম্ভের নিচের দিকের লাল রং কিছুটা কালচে হওয়া ছাড়া আর কোনো ক্ষতি হয়নি।
পুলিশ জানায়, জুলাই স্মৃতিস্তম্ভের পাশে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, একটি প্রাইভেটকারে তিনজন রাত ৩টার দিকে স্মৃতিস্তম্ভের কাছে এসে নামে। তারা আশপাশ থেকে কয়েকটি টায়ার জোগাড় করে স্মৃতিস্তম্ভের পাদদেশে রাখে। এর পর পেট্রোল জাতীয় কিছু ঢেলে তাতে আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক বলেন, এটা ছাত্রলীগ, যুবলীগের কাজ। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা পরিকল্পিতভাবে নাশকতা করছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুমিল্লায় পিকআপ ভ্যানে আগুন
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ পাশে উত্তর ফাল্গুনকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোরে ফেনীতে মাছ আনার জন্য পিকআপটি ভাড়ায় যাওয়ার কথা ছিল। ভোরে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত পেট্রোল ঢেলে পিকআপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পিকআপ মালিক জামায়াতে ইসলামীর কর্মী ফজলুল হক মোল্লা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পিকআপটি পুড়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।
- বিষয় :
- স্মৃতি
