ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
×

ছবি: সমকাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৩:০৭ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ১৩:২৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৩/৬-আর এর কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৩/৬-আর সংলগ্ন শূন্যরেখায় ২৮ জনকে রেখে যায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। খবর পেয়ে বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করে। পরে বিজিবির কঠোর তৎপরতা ও বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। 

বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদ্দাম হোসেন জানান, ভোর পাঁচটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে তিনি। ওই সময় বিজিবির করা নিরাপত্তা এবং টহল লক্ষ্য করেছেন, তবে শূন্যরেখায় অবস্থানকারী ওইসব নারী-পুরুষের পাশে কোন বিএসএফ সদস্যকে দেখা যায়নি।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাদিকুর রহমান জানান, বর্তমানে ওই ২৮ জন ব্যক্তি সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান করছেন। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। তবে ওই ২৮ জনের আশেপাশে কোনো বিএসএফ সদস্য নেই। 

আরও পড়ুন

×