ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাজারো প্রতিবন্ধীকে ‘পথ দেখান’ দৃষ্টিহীন সানোয়ার

হাজারো প্রতিবন্ধীকে ‘পথ দেখান’ দৃষ্টিহীন সানোয়ার
×

সানোয়ার হোসেন

সেলিম সরদার, ঈশ্বরদী (পাবনা)

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ | ০৭:০৮

| প্রিন্ট সংস্করণ

শৈশবে পক্ষাঘাতে আজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন সানোয়ার হোসেন। বাল্যকালে তৎকালীন পাকশী ফেরিঘাটে হকারি করে চকলেট ও দাঁতের মাজন বিক্রি করতেন। দৃষ্টিশক্তি না থাকার বেদনা থেকে তিনি উপলব্দী করতেন, প্রতিবন্ধীদের দুঃসহ জীবনের কথা। ভাবতেন, প্রতিবন্ধীদের জন্য কিছু করার। সেই সানোয়ারের হাত ধরেই ঈশ্বরদীর অনেক প্রতিবন্ধী খুঁজে পেয়েছেন আলোর পথ। 

প্রতিবন্ধীরা জানান, সানোয়ারের গড়া প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির তৎপরতায় এই অঞ্চলের প্রতিবন্ধীরা এখন আর কেউ ভিক্ষাবৃত্তি করেন না। ইতোমধ্যে ঈশ্বরদী ইপিজেড, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিভিন্ন বেসরকারি সংস্থায় ৪০০ থেকে ৫০০ প্রতিবন্ধীর কর্মসংস্থান হয়েছে।  এছাড়া নানামুখী কর্মসংস্থান সৃষ্টি করে হাজারও প্রতিবন্ধীর আয়ের পথ তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি।  

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, সানোয়ারের গড়া প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সদস্য সংখ্যা প্রায় দেড় হাজার। এই প্রতিষ্ঠানের সদস্যরা কেউ কেউ গরু-ছাগল লালন পালন করেন, কেউ ছোটখাটো দোকানদারি করেন, কেউ এই সমিতির মাধ্যমে সমাজসেবা অফিস থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন। এসব প্রতিবন্ধীর মধ্যে অনেকেই এখন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিও করছেন। 

সানোয়ার হোসেন বলেন, মাত্র আড়াই বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আমি দৃষ্টিশক্তি হারাই। কিন্তু কখনও কারও করুণার পাত্র হয়ে বেঁচে থাকতে চাইনি। নিজের কষ্টার্জিত আয় থেকে প্রতিবন্ধীদের অল্প অল্প করে সহযোগিতা করতাম। নিজেকে দিয়ে উপলব্দী করেছি, জীবনের নির্মম বাস্তবতা। সেই থেকেই আমি প্রতিবন্ধীদের সঙ্গে নিয়ে চলছি। 
ঈশ্বরদী ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, একজন দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও সব সময় প্রতিবন্ধীদের ভাগ্যোন্নয়ন নিয়ে ভাবেন সানোয়ার হোসেন। তাঁর উদ্যোগেই ঈশ্বরদীর প্রতিবন্ধীরা তাদের কঠিন জীবনকে সহজ করে চালানোর পথ খুঁজে পেয়েছেন।      

আরও পড়ুন

×