নতুন ছানায় প্রাণ ফিরে পেল মা কুকুর
নতুন ছানাদের আদর করছে মা কুকুর। ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বর সমকাল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ | ০৮:৩৪
| প্রিন্ট সংস্করণ
পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আটটি ছানা হারিয়ে অসুস্থ হয়ে পড়েছিল মা কুকুর। ছানাগুলোকে ডুবিয়ে হত্যা করা হলে ভেঙে পড়ে কুকুরটি। দিশেহারা হয়ে সারাদিন এদিক–সেদিক ঘুরে কাঁদছিল। খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, শরীরও দুর্বল হয়ে পড়ছিল কুকুরটির।
এই সময় এগিয়ে আসে ‘ঈশ্বরদিয়ান’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের মুখপাত্র শাহরিয়ার অমিত প্রথমে তাঁর বাড়ির পাশের একটি পোষা কুকুরের কাছ থেকে দুটি ছানা এনে দেন। পরের দিন সকালে ইউএনও’র উপস্থিতিতে আরও দুটি ছানা দিয়ে যান স্থানীয় কয়েকজন বাসিন্দা। ওই দুই ছানার মা মারা গিয়েছিল, তাই তাদের বাঁচানোর জন্যও এই মা কুকুরটিকে বেছে নেওয়া হয়।
মা কুকুরটি প্রথমে নতুন ছানাদের সহজে গ্রহণ করেনি। তাই কৌশল করে তার কিছু দুধ সংগ্রহ করে নতুন ছানাদের খাওয়ানো হয়। দুধের গন্ধ শরীরে লাগার পর মা কুকুরটি ধীরে ধীরে ছানাগুলোকে নিজের মনে করতে শুরু করে। শেষ পর্যন্ত চারটি ছানাকেই বুকে তুলে নেয় এবং দুধ পান করাতে শুরু করে। শাহরিয়ার অমিত ও প্রতিবেদক যখন কুকুরটিকে দেখতে যান, দেখা যায়—মা কুকুরটি আগের চেয়ে অনেক ভালো আছে। নিজেও খাচ্ছে, আবার চারটি ছানাকে নিয়মিত দুধ খাওয়াচ্ছে। ছানাগুলোর সঙ্গে খেলছেও মাঝে মাঝে।
ইউএনও মো. মনিরুজ্জামান জানিয়েছেন ছানাগুলো হারানোর পর কুকুরটির কান্না থামানো যাচ্ছিল না। এখন নতুন ছানা পাওয়ায় সে বেশ স্বাভাবিক হয়ে উঠেছে। প্রশাসন নিয়মিত মা কুকুর ও ছানাগুলোর খাবার ও চিকিৎসার ব্যবস্থাও করছে।
- বিষয় :
- কুকুর
