ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আ.লীগ নেতার বাড়ি থেকে ৪৪৯ বস্তা সার উদ্ধার

আ.লীগ নেতার বাড়ি থেকে ৪৪৯ বস্তা সার উদ্ধার
×

ছবি: সমকাল

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ | ২০:৫৪

রাজশাহীর বাগমারায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল ওয়ারেস বাবু ওরফে মুরগি বাবুর বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৪৪৯ বস্তা সার উদ্ধার করা হয়েছে। বাবু ভবানীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তিনি কৃষি অফিসের অনুমোদন নিয়ে ভবানীগঞ্জের গরুহাটায় খুচরা সার বিক্রি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরকারি সার বাড়িতে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওয়ারেস বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে ওয়ারেস বাড়ি থেকে পালিয়ে যান। পরে বাড়ির সঙ্গেই একটি গুদামঘর থেকে ডিএপি ২০৫ বস্তা, টিএসপি ২০০ বস্তা এবং পটাশ ৪৪ বস্তা সার উদ্ধার করা হয়।

অভিযানে থাকা পুলিশের এসআই রফিকুল ইসলাম বলেন, দুজন ডিলারের লাইসেন্স ব্যবহার করে ওয়ারেস আলী সারের ব্যবসা করে আসছেন।

অভিযান পরিচালনাকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সরকার অনুমোদিত গুদামঘর ছাড়া অন্য কোনো স্থানে সার রাখা যাবে না। কিন্তু ওয়ারেস বাবু সার কৃষকদের মাঝে বিতরণ না করে বাড়িতে মজুত করেন। তাঁর উদ্দেশ্য বাইরে বেশি দামে বিক্রি করা। আমরা সারগুলো জব্দ করে পুলিশের হেফাজতে দিয়েছি।

অভিযোগ অস্বীকার করে ওয়ারেস আলী বলেন, জব্দ করা সব সার বৈধ। কাগজপত্রও আছে। দুই নেতার লাইসেন্স দিয়ে ব্যবসা করেন তিনি। এসব সার রাজশাহী বিএডিসি গুদাম থেকে তোলা। ভবানীগঞ্জ বাজারের গরুহাটার দোকানে সার রাখার পরিবেশ না থাকায় নিজ বাড়িতে রেখেছিলেন।

ওয়ারেসের বাবা আমজাদ হোসেন বলেন. কদিন আগেই সারগুলো আনা হয়েছে। তাঁর ছেলে ওয়ারেস ঢাকায় অবস্থান করছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। সারগুলো তাদের হেফাজতে রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, অনুমোদিত ডিলার ছাড়া সার রাখার কোনো সুযোগ নেই। শুনেছি সে দুজন ডিলারের সার বিক্রি করে। এভাবে সার বিক্রি করা যায় কিনা– এমন প্রশ্নে তাঁর ভাষ্যমতে বিক্রি করা যায় না। এভাবে সার রাখার বা বিক্রি করার কোনো বৈধতা নেই।

আরও পড়ুন

×