ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বেগুন গাছে ভাইরাস, দুশ্চিন্তায় চাষি

বেগুন গাছে ভাইরাস, দুশ্চিন্তায় চাষি
×

কুড়িগ্রামের চিলমারীতে বেগুন গাছে মোজাইক ভাইরাসের সংক্রমণে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। পাত্রখাতা এলাকা থেকে রোববার তোলা। ছবি: সমকাল

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ০৬:৫০ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ | ১০:০৫

কুড়িগ্রামের চিলমারীর মাঠজুড়ে এখন বেগুন গাছে হলদে রঙের এক অস্বস্তিকর ছবি। যেন কেউ নীরবে ছড়িয়ে দিয়েছে অদৃশ্য এক বিষ। কৃষকের ভাষায় এটা ‘মোজাইক ভাইরাস’। বাণিজ্যিকভাবে বেগুন চাষে পরিচিত এ জনপদে এবার ভাইরাসের আক্রমণে সংকেত বাজছে ফলনে ঘাটতির।

কৃষকের ভাষ্য, মৌসুমের শুরুতে বন্যার পানি ওঠায় জমিতে নোনাভাব তৈরি হয়েছে। সেই দুর্বলতার সুযোগে ভাইরাস ও পোকার দাপট বেড়েছে। গাছ বড় হওয়ার আগেই থমকে যাচ্ছে বাড়ন্ত। ফলে কৃষকের মুখে ফুটে উঠেছে উদ্বেগের ছাপ।

সরেজমিন দেখা গেছে, ক্ষেতের অনেক গাছের পাতা হলুদ হয়ে মাটিতে ঝরে পড়ছে। কিছু গাছ গোড়াসহ বিবর্ণ হয়ে নিস্তেজ। যেসব গাছ চাষিরা আদর করে বড় করেছেন, সেগুলোর কিছু এখন মোজাইক ভাইরাসের দখলে। সঙ্গে যুক্ত হয়েছে জাব পোকা ও সাদা মাছির আক্রমণ– যারা ভাইরাস ছড়ানোর জীবন্ত বাহক।

৩০ শতক জমিতে বেগুন ক্ষেত করেছেন কৃষক মাজেদুল ইসলাম। ক্ষেতে ভাইরাস সংক্রমণ হওয়ায় ফলন নিয়ে শঙ্কায় আছেন তিনি, ‘গতবার লাভ হওয়ায় এবার দ্বিগুণ জমিতে লাগালাম। ১০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু ফুল আসার ঠিক এই সময়ে ভাইরাস আর পোকা দুটোই লাগল। শীত আর কুয়াশা যদি আরও বাড়ে, তাহলে গাছের বাড়ন্ত কমে যাবে। তখন ফলন বাঁচানোই কঠিন হয়ে যাবে।’

রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গতকাল রোববার জেলায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ মাসের শুরু থেকেই কুয়াশা প্রতিদিনই বাড়ছে এবং সামনের দিনগুলোতে শীত আরও জেঁকে বসার আশঙ্কা রয়েছে।

চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বললেন, ‘মোজাইক ভাইরাস’ আক্রান্ত গাছ রেখে লাভ নেই। তুলে ফেলতে হবে। কারণ ভাইরাস সারানো যায় না। জাব পোকা, সাদা মাছি, থ্রিপস– এদের দমনেই মূল জোর দিতে হবে। এজন্য ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক ব্যবহারের পরামর্শ দেন তিনি। 

শীত, কুয়াশা, ভাইরাস তিন দিক থেকে চাপে চিলমারীর বেগুন চাষ। মৌসুমের মাঝপথেই কৃষকের মনে তাই একটাই প্রশ্ন– এবার কি রঙিন বেগুনের বদলে হলদে ক্ষতির গল্পই লিখে যাবে মাঠ?
 

আরও পড়ুন

×