ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
×

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ ও দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ | ২১:০০

চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিকেলে দৌলতপুরের জামালপুর সীমান্ত দিয়ে শান্ত (২০) ও শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্ত দিয়ে তোশিকুর ইসলামের (২৮) লাশ হস্তান্তর করা হয়।

দৌলতপুরে নিহত শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগের তথ্য পাওয়া গেছে।

৫ ডিসেম্বর রাতে ১০-১২ জন সহযোগীর সঙ্গে জামালপুর সীমান্ত দিয়ে চোরাপথে ভারতের প্রায় ৫০০ গজ ভেতরে যান শান্ত। বিএসএফের নিউ উদয় ক্যাম্পের টহল দলের গুলিতে শান্ত আহত হন। অন্যরা পালিয়ে গেলেও শান্তকে আহত অবস্থায় ধরে নিয়ে যায় বিএসএফ। হাসপাতালে নেওয়ার পর সেদিনই মারা যান শান্ত।

এ বিষয়ে ৫ ও ৮ ডিসেম্বর বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফায় পতাকা বৈঠকের পর শনিবার বিকেল ৪টার দিকে তাঁর লাশ হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

তিন দিন নিখোঁজ ছিলেন তোশি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে শুক্রবার রাতে ফেরত দেওয়া হয়েছে তোশিকুর ইসলামের (২৮) মরদেহ। তিনি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী পশ্চিমপাড়া গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে।

মো. ইব্রাহিম আলী বলেন, ‘আমাদের গরুর পাল আছে। সেখানে যাওয়ার কথা বলে ছেলে তোশিকুর বুধবার বাড়ি থেকে বের হয়। শুক্রবার রাতে পুলিশ মরদেহ ফেরত দেয়। তার পর শুনছি, বিএসএফ আমার ছেলেকে মেরে ফেলেছে। তবে কীভাবে মেরেছে, সেটা বলতে পারব না।’

তোশিকুরের ভাই উজির আলীর ভাষ্য, ‘সে ইন্ডিয়ার সীমান্তে গিয়েছিল। এখন শুনতে পাচ্ছি, ভারতের নদীতে লাশ ভাসছিল। পরে ভারতের জঙ্গিপুরের পুলিশ লাশ উঠিয়ে নিয়ে গেছে। সেখানে আমার ভায়ের লাশ কীভাবে গেল তা জানি না।’

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ জানান, বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে শুক্রবার রাতে ভারতীয় পুলিশ বাংলাদেশি পুলিশের কাছে তোশিকুরের মরদেহ হস্তান্তর করে।

মরদেহ গ্রহণ করেন সুকমল চন্দ দেবনাথ। তিনি বলেন, তোশিকুর ইসলামের ডান কাঁধ থেকে বুকে ছররা গুলির চিহ্ন রয়েছে। রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিজিবি-বিএসএফের মধ্যে এ বিষয়ে পতাকা বৈঠক হয় বলেও জানান তিনি।

আরও পড়ুন

×