নিখোঁজের ৩ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২০ | ০১:২৫ | আপডেট: ০৮ আগস্ট ২০২০ | ০২:১৯
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মীরেরবাগ গ্রামের আশু মোল্লা নামের এক অটোরিকশা চালক তিনদিন ধরে নিখোঁজের পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে আড়াইহাজার উপজেলার বৈলারকান্দি সুইচগেট বালুরঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, অন্য স্থানে আশু মোল্লাকে হত্যা করে বৈলারকান্দি সুইচ গেট এলাকায় হত্যাকারীরা ফেলে রেখে গেছে।
এদিকে নিহত আশু মোল্লার বড় ভাই বেনু মোল্লা সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন আশু মোল্লা। কিন্তু গভীর রাতেও তিনি বাড়িতে না ফেরায় বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করে তাকে পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
শনিবার সকালে আড়াইহাজারে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, নিহত আশু মোল্লার গলায় ছুরিকাঘাত রয়েছে। তাকে হাত-পা ও মুখ বেঁধে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলার প্রস্তুতি চলছে।