কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা, বিতর্ক
মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আঁকা আলপনা। ছবি: সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ১৮:২৮
মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের দেয়ালগুলোতে আঁকা হয় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রাফিতি। সেই গ্রাফিতি মুছে আঁকা হয় আলপনা। এ নিয়ে শুরু হয় বিতর্ক। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তা মুছে নতুন করে আবারও আঁকা হয় জাতীয় পতাকা এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রাফিতি।
গতকাল সোমবার রাতে গ্রাফিতি মুছে তার স্থলে আঁকা হয় আলপনা, যা দেখতে অনেকটা বিয়েবাড়ি বা বৈশাখী উৎসবের আলপনার মতো। রাত নয়টার দিকে বিতর্কের মুখে সেই আলপনা মুছে আঁকা হয় জাতীয় পতাকা এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রাফিতি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, ‘কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবসের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে, কিন্তু রংতুলিতে যে গ্রাফিতি আকা হয়েছে সেখানে মুক্তিযুদ্ধের কোন স্মৃতি নেই।’ মন্তব্যের ঘরে রোকসানা আক্তার রক্সি নামে একজন লিখেছেন, ‘মনে হচ্ছে বিয়ে বাড়ির কিংবা বৈশাখেরই আলপনা। কারা করেছে?’।
এছাড়াও কাব্য সৌরভ নামে একজন মন্তব্য করেছেন, ‘এটা তো আলপনা মিনার হয়ে গেল।’
জিনিয়া শারমিন নামে একজন বলেন, ‘এখানে এমন না যে বিয়ে হচ্ছে বা নববর্ষ পালন করা হচ্ছে, যে এভাবে আলপনা আঁকতে হবে। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার এখানে অবশ্যই প্রাসঙ্গিক কিছু থাকার দরকার ছিল।’
কক্সবাজার সরকারি কলেজ ছাত্র মাইনুদ্দিন হাবিব বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস দেশের প্রতিটি প্রজন্মের কাছে গৌরবের, যারা এই সাজ-সজ্জায় জড়িত তাদের উচিত ছিল এখানে সেই ইতিহাসকে প্রাধান্য দেওয়া কিন্তু তা হয়নি উল্টো পরিবেশটাকে একরকম দৃষ্টিকটু করে ফেলা হয়েছে।’
বিতর্কের পর সোমবার রাত ৮টার দিকে সরজমিন পরিদর্শনে যান কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান। এসময় আলাপনাগুলো সরাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন জেলা প্রশাসক। পরে রাত ৯টার দিকে দেখা যায়, প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারের দেয়ালগুলোতে আঁকা আলপনাগুলো মুছে আবারও আঁকা হয়েছে জাতীয় পতাকা এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রাফিতি।
জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, সামান্য ভুলের কারণে এ বিতর্কটি সৃষ্টি হয়েছে। পরে বিষয়টি নজরে আসার পর শহীদ মিনারের দেয়ালগুলোতে আঁকা আলপনা মুছে মুক্তিযুদ্ধের গ্রাফিতি আকা হয়েছে।
