ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮
×

ফেনী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। ছবি: সমকাল

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৭

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীসহ বিভিন্ন মামলার ১৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে ১৩টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ফেনী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. শাহ আলম, সাইফুল ইসলাম, মো. রুহুল আমিন (৩৫) ও প্রদীপ কুমার শর্মা (৪৩) রয়েছেন। রুহুল আমিনের কাছ থেকে ১৩টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ১৮ জনের মধ্যে পাঁচজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি, ছয়জনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায়, একজনকে ৩৪ ধারায় এবং দুজনকে চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অপর চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে কয়েকজন নিজেদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সংগঠনের নেতাকর্মীরা ফেনী শহরের বিভিন্ন এলাকায় আগে মিছিল করেছেন এবং পুনরায় মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন।

পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ফেনীতে মাদক নির্মূলে ছয়টি উপজেলার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে-এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
 

আরও পড়ুন

×