গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
প্রতীকী ছবি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০২
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামের এক হেলপার নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল একটি খালি পিকআপ। বিজয়পাশা এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সেটি ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা হেলপার প্রবীর ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের ভেতর থেকে প্রবীরের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।