তিন দিন আগে নিখোঁজ, বাড়ির পাশের পুকুরে মিলল মরদেহ
মো. জিন্দার আলী শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৫
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে মো. জিন্দার আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দুর্গাপুর গ্রামের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জিন্দার আলী শেখ ওই গ্রামের মৃত জানু শেখের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর সকাল ছয়টার দিকে জিন্দার আলী বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তার সন্ধান না পেয়ে তার ছেলে মো. ওবাইদুল ইসলাম শেখ ৬ সেপ্টেম্বর মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জিন্দার আলী শেখের বলে শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- গোপালগঞ্জ
- নিখোঁজ
- মরদেহ উদ্ধার