ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিএনপি প্রার্থীর সমর্থকের বাড়িতে ককটেল নিক্ষেপ

বিএনপি প্রার্থীর সমর্থকের বাড়িতে ককটেল নিক্ষেপ
×

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ০৮:২৭ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১২:০৪

| প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থক জাকির জমাদারের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিলই এলাকায় এই ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে জাকির জমাদারের বাড়িতে গতকাল শনিবার শীতবস্ত্র বিতরণের আয়োজন করায় এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় গ্রামবাসী জানায়, শনিবার শিলই গ্রামের জাকির জমাদারের বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয়দের ধারণা, ওই কর্মসূচিকে কেন্দ্র করেই বিরোধী পক্ষ পরিকল্পিতভাবে এই ককটেল হামলা চালিয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা জানিয়েছেন, গ্রামের জাকির জমাদার বিএনপির কোনো পদে নেই। তিনি দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন এবং বিএনপির বিরুদ্ধে অপতৎপরতা চালিয়েছেন।

শিলই গ্রামের বিএনপি প্রার্থীর সমর্থক জাকির জমাদার জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় গতকাল সকালে সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শিলই ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা বেপারী বলেন, জাকির জমাদার বিএনপির কোনো পদে নেই। তিনি আওয়ামী লীগের দোসর। এলাকার পরিস্থিতি ঘোলাটে করতে নানা অপপ্রচার চালাচ্ছেন। শিলই ইউনিয়ন বিএনপিও এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি মমিনুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×