ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

অপমান সইতে না পেরে পরশুরামে কৃষকের আত্মহত্যা

অপমান সইতে না পেরে পরশুরামে কৃষকের আত্মহত্যা
×

নিজস্ব প্রতিবেদক, ফেনী

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ১২:১৬

ফেনীর পরশুরামে গৃহস্থের শারীরিক লাঞ্ছনার অপমান সইতে না পেরে আবু আহাম্মদ (৫০) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার কাউতলী গ্রামে সোমবার রাতে বাড়ির পেছনের একটি গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহত আবু ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। তিনি দৈনিক মজুরি ভিত্তিতে কৃষিকাজ করতেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা আক্তার মঙ্গলবার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে বলা হয়, ধানক্ষেতে ওষুধ দেওয়া নিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মদ তার স্বামীকে অফিসে ডেকে নিয়ে বটতলী বাজারে প্রকাশ্যে মারধর করেন। একপর্যায়ে আবু সেখান থেকে পালিয়ে যান। রাতে রহিমা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে আবু আহাম্মদকে অফিসে পাঠানোর জন্য হুমকি দেন ফিরোজ। অন্যথায় বাড়িতে লোক পাঠিয়ে আবুকে তুলে আনা হবে বলেন এবং গালাগাল করেন। পরে রাত ১০টার দিকে আবুর ঝুলন্ত লাশ পাওয়া যায়।

স্থানীয় লোকজন জানান, অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন আবু। তবে গ্রামের কয়েকজন দাবি করেন, ফিরোজ আহাম্মদের মারধরেই আবুর মৃত্য হয়েছে।

এ ব্যাপারে ফিরোজ আহাম্মদ বলেন, তার ধানক্ষেতে কীটনাশক দেওয়ার জন্য আবুকে বলা হয়েছিল। কিন্তু সে আরেকজনের জমিতে কীটনাশক দেওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। আবুর স্ত্রীকে দেখা করার জন্য ফোন করেছিলেন বলে জানান ফিরোজ।

পরশুরাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, এ ব্যাপারে তদন্ত করে কেউ ঘটনায় জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

×