ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লা-৪ (দেবিদ্বার)

হাসনাতের জন্য আসন ছেড়ে কাঁদলেন জামায়াতের শহীদ

হাসনাতের জন্য আসন ছেড়ে কাঁদলেন জামায়াতের শহীদ
×

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে সোমবার মনোনয়নপত্র জমা দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের সাইফুল ইসলাম শহীদ (বাঁয়ে) সমকাল

দে‌বিদ্বার (কু‌মিল্লা) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৮:৪৮

| প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর জন্য আসন ছেড়ে দিয়ে কাঁদলেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। দুই দলের মধ্যে সমঝোতা অনুযায়ী কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান তিনি। গতকাল সোমবার তাঁকে সঙ্গে নিয়েই মনোনয়নপত্র জমা দেন হাসনাত আব্দুল্লাহ।  

গতকাল বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়নপত্র জমা দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাইফুল ইসলাম শহীদসহ স্থানীয় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা ও নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন সাইফুল ইসলাম শহীদ। এ সময় উপস্থিত জামায়াতের নেতাকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ আসনে জামায়াত প্রাথমিকভাবে 

মনোনয়ন দিয়েছিল দলের নেতা সাইফুল ইসলাম শহীদকে। তিনি দীর্ঘদিন ধরে এ আসনে প্রচার চালাচ্ছিলেন। সক্রিয় ছিলেন স্থানীয় জামায়াতের ইসলামীর নেতাকর্মীরাও। তবে গত রোববার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে এনসিপি যুক্ত হওয়ার পর সমঝোতা অনুযায়ী কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনটি হাসনাত আবদুল্লাহকে ছেড়ে দেয় জামায়াত। 
সে কথা স্মরণ করে শহীদ বলেন, এই আসনের জন্য আমার নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করেছেন, ঘরে না ফিরে মাঠে থেকেছেন। তাদের সেই ত্যাগের কথা মনে হলে আবেগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এ কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত ও বৃহত্তর রাজনৈতিক সমঝোতার স্বার্থে ব্যক্তিগত আবেগকে পেছনে ফেলে, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি থাকা সত্ত্বেও হাসিমুখে সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে জামায়াতে ইসলাম এই আসনে মনোনয়নপত্র জমা দেয়নি। 

তিনি বলেন, জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে বিজয়ী করার জন্য কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে আমাদের সব দায়িত্বশীল ও জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। আপনারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন, সেভাবেই আমাদের প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহকে গ্রহণ করবেন। আমি আপনাদের পাশে আছি এবং থাকব।

জামায়াতের প্রার্থীর সরে দাঁড়ানো প্রসঙ্গে এ আসনে জোটের প্রার্থী এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম 
শহীদ ভাই আগেও জনপ্রতিনিধি ছিলেন। 

তিনি দেড় বছরের বেশি সময় ধরে নির্বাচনী প্রস্তুতি নিয়েছেন। পথে-প্রান্তরে ছুটে বেড়িয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করেছেন এবং জননন্দিত একজন নেতা। জোট ও ইনসাফের প্রশ্নে তিনি যে উদারতার পরিচয় দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন, তাঁর মর্যাদা আমরা অবশ্যই রাখব। তাঁর এই ত্যাগ কম নয়। আমি সব সময় তাঁর প্রতি কৃতজ্ঞ থাকব।
 

আরও পড়ুন

×