ফাঁদ থেকে ১১ শালিক অবমুক্ত, জাল ধ্বংস
সিংড়ার চলনবিলে জব্দ করা জাল পুড়িয়ে দিচ্ছেন স্থানীয় পরিবেশকর্মীরা সমকাল
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬ | ০৮:৩৮
| প্রিন্ট সংস্করণ
নাটোরের সিংড়ার চলনবিলে দুই দিনের অভিযানে পাখি ধরার কারেন্ট জাল জব্দ ও ১১টি শালিক অবমুক্ত করা হয়েছে। গত মঙ্গল ও বুধবার মহেশচন্দ্রপুর, শহরবাড়ি, সাতপুকুরিয়া, ডাহিয়া ও চৌগ্রাম বিলে এ অভিযান চালান পরিবেশকর্মীরা।
শীতের শুরুতেই চলনবিলে পাখি শিকারের দৌরাত্ম্য বেড়েছে। বিলের পাখি রক্ষায় নিয়মিত কাজ করছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় পরিবেশকর্মীরা। মঙ্গলবার রাত ৮টায় মহেশচন্দ্রপুর ও শহরবাড়ি বিলে অভিযান পরিচালনা করে দুই হাজার মিটার কারেন্ট জালের ফাঁদ জব্দ করেন স্থানীয় পরিবেশকর্মীরা। বুধবার ভোর থেকে দিনব্যাপী সিংড়ার চলনবিলের সাতপুকুরিয়া, ডাহিয়া ও চৌগ্রাম বিলে অভিযান পরিচালনা করে চার হাজার মিটার কারেন্ট জাল ও বিভিন্ন পাখি শিকারের ফাঁদ জব্দ করে পুড়িয়ে দেয় প্রশাসন। এ সময় কারেন্ট জালের ফাঁদ থেকে ১১টি শালিক পাখি উদ্ধার করে অবমুক্ত করেন পরিবেশকর্মীরা।
পরে বিলের পাখি রক্ষায় কাদাপানি মাড়িয়ে পাখি শিকারি ও বিলপাড়ের মানুষের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক পথসভা করেন সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সদস্যরা।
সাইফুল ইসলাম বলেন, শীতে চলনবিলে দেশীয় শালিক, ঘুঘু, বক, বালিহাঁস, রাতচোড়া, শামুকখোলসহ অতিথি পাখির আগমন ঘটেছে। বিলের এসব পাখি রক্ষায় প্রশাসন ও বন অধিদপ্তরের সহযোগিতায় আমরা এক যুগ ধরে কাজ করছি। অভিযানের পাশাপাশি সচেতনতামূলক লিফলেট ও পথসভা করা হচ্ছে। এর পরও কারেন্ট জাল ও বিভিন্ন ধরনের ফাঁদ নিয়ে রাতের আঁধারে পাখি শিকারে নেমেছে এক শ্রেণির অসাধু শিকারি। তারা পাখিগুলো গোপনে বিক্রি করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলনবিলে সৌন্দর্য নষ্ট করছে শিকারিরা। তাদের রোধ করতে প্রশাসন তৎপর।
- বিষয় :
- ফাঁদ
