মাধবপুরে খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা
আলোচনা সভায় হবিগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল। ছবি-সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ২০:০৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ | ২০:০৪
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে মাধবপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রকামী মানুষের অবিসংবাদিত নেতা হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাধবপুর উপজেলা কমান্ডের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন চালিয়েছে। কারাবন্দি রেখে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
সৈয়দ মো. শাহজাহান বলেন, খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, উন্নয়ন ও রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের আহ্বান জানান তিনি।
এ সভায় সভাপতিত্ব করেন মাধবপুর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী দুলা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক গোলাম মোর্তজা রফিক।
এতে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, ওসমান, আবু ছায়েদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।
- বিষয় :
- বিএনপি
- খালেদা জিয়া
- স্মরণসভা
