এলপি গ্যাসের সংকট হবে জেনেও সরকার ব্যবস্থা নেয়নি
এলপি গ্যাসের সংকট নিরসনের দাবিতে বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ০৮:২৪
| প্রিন্ট সংস্করণ
এলপি গ্যাসের সংকট হবে জেনেও অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলে এক সমাবেশে অভিযোগ করেছেন বক্তারা। তারা বলেন, অনেক সংকটের সৃষ্টিকারী অন্তর্বর্তী সরকার এ ক্ষেত্রেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। ঘাটতির সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী এলপি গ্যাসের দাম দ্বিগুণ করে দিয়েছে। ফলে জনগণকে বাড়তি খরচ ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলপি গ্যাসের সংকট নিরসন, সংকটের জন্য দায়ীদের শাস্তি ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দাম নির্ধারণের দাবিতে এ সমাবেশ হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে।
বক্তারা বলেন, প্রাকৃতিক গ্যাসের সংযোগ না থাকায় প্রতি বছর এলপি গ্যাসের চাহিদা শতকরা ১০ ভাগ বৃদ্ধি পায়। অথচ গত বছর উল্টো আমদানি কমেছে শতকরা ১০ ভাগ। ২০২৪ সালে এলপি গ্যাস আমদানি হয় ১৬ দশমিক ১০ লাখ টন, ২০২৫ সালে হয় ১৪ দশমিক ৬৫ লাখ টন। গত বছর শেষের দিকে ব্যাপক মাত্রায় আমদানি কমে যায়। অর্থাৎ সরকার জানতো গ্যাসের সংকট হবে। কিন্তু তারা ব্যবস্থা নেয়নি। আমদানিকারকরা বলছেন আমরা বাড়তি আমদানির অনুমতি চাইলেও সরকার দেয়নি।
বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্য সচিব এস এম কাদির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলার আহ্বায়ক প্রদীপ সরকার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।
বক্তারা বলেন, সরকার যখন আবাসিকের গ্যাস সংযোগ বন্ধ করেছে তখন থেকে এলপি গ্যাস মানুষের অতিপ্রয়োজনীয় হয়ে উঠেছে। কিন্তু
সম্প্রতি এলপি গ্যাস দুর্লভ হয়ে পড়েছে। ১২ কেজি এলপি গ্যাসের সরকার নির্ধারিত মূল্য ১৩০৬ টাকা। কিন্তু গ্যাস এখন বিক্রি হচ্ছে ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা।
বক্তারা অবিলম্বে এলপি গ্যাসের সংকট নিরসন করা এবং সংকটের জন্য দায়ীদের শাস্তি দাবি করেন। তারা এলপি গ্যাসের দাম সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নির্ধারণ এবং আবাসিকে প্রাকৃতিক গ্যাসের সংযোগ প্রদানের দাবি জানান।
- বিষয় :
- বাসদ
