নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জের কিছু এলাকায় গ্যাস থাকবে না ৫ ঘণ্টা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ০৯:৫২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ | ১০:২৭
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কিছু এলাকায় আজ ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস থাকবে না।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানিয়েছে, পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপন কাজের জন্য আজ বুধবার নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নারায়ণগঞ্জ শহর, মুন্সিগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা ও ফতুল্লাসহ আশপাশের এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে আদমজী ইপিজেড এলাকা এই বন্ধের আওতার বাইরে থাকবে।
এতে বলা হয়েছে, পঞ্চবটি মোড় এলাকায় প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপনসহ গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- মুন্সীগঞ্জ
- গ্যাস সরবরাহ
- তিতাস গ্যাস
