ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মায়ের জন্য ওষুধ আনতে গিয়ে খুন হলেন তরুণ

মায়ের জন্য ওষুধ আনতে গিয়ে খুন হলেন তরুণ
×

সাইফুল ইসলাম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২০ | ১২:০০ | আপডেট: ১২ আগস্ট ২০২০ | ১৫:২৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সাইফুল ইসলাম (২৫) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালদী বাজার মার্কাস জামে মসজিদের তিনতলা ভবনের ছাদ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের গলার অগ্রভাগের কিছু অংশ ও দুই হাতের কবজি কাটা অবস্থায় ছিল। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার বিশনন্দী এলাকার ওসমান গনির ছেলে। বাবা বিদেশে থাকায় তিনি গোপালদী বেপারীপাড়ার উলুকান্দি এলাকায় মায়ের সঙ্গে নানাবাড়ি থাকতেন। গোপালদী বাজারের একটি ওষুধের দোকানের বিক্রয়কর্মী ছিলেন সাইফুল।

সাইফুলের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ মায়ের জন্য ওষুধ আনতে গিয়ে আর বাড়ি ফেরেননি সাইফুল। তাকে নানা জায়গায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। গতকাল বিকেলে গোপালদী মসজিদ মার্কেটের ছাদে লাশ খুঁজে পান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকের কথা জানালেও তার নাম প্রকাশ করেননি ওসি।

আরও পড়ুন

×