গৌরীপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তের আগুন, নথিপত্র পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ২৩:২৮
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এই ঘটনা ঘটে।
ব্যাংক সূত্রে জানা যায়, ঘটনার সময় কার্যালয়টি বন্ধ ছিল। গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুনের বসতবাড়ি ব্যাংকের ঠিক পাশেই হওয়ায় তিনি প্রথম বিষয়টি টের পান।
তিনি জানান, হঠাৎ জানালার কাঁচ ভাঙা দেখতে পান এবং ভেতর থেকে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে আসেন। আগুনে অফিসের কম্পিউটার, আসবাবপত্র এবং আলমারিতে থাকা জরুরি কাগজপত্র পুড়ে গেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব নয় বলে তিনি জানান।
ঘটনার খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান সমকালকে বলেন, 'কে বা কারা এই অগ্নিসংযোগ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'
- বিষয় :
- ময়মনসিংহ
- আগুন
- গ্রামীণ ব্যাংক
