ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘বাউল সংগীত এখন কঠিন সময় পার করছে’

‘বাউল সংগীত এখন কঠিন সময় পার করছে’
×

ছবি: সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ২০:৪৪

বাউল সংগীত এখন কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জাঠিয়া বোচাই সাধুর আশ্রমে বাউল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতে অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, বাউল সংগীত হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য গড়ার অন্যতম মাধ্যম। বাউল সংগীত হলো মানুষের আত্মার গান, প্রাণের গান, যেখানে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই। অতীতে সমাজে কোনো বিভাজন ছিল না। তখন বাউলরা অবাধে সারাদেশে ঘুরে বেড়াতে পারতেন। যতদিন বাংলার পথে-প্রান্তরে বাউলদের বিচরণ ছিল, ততদিন হিন্দু-মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না।

দেশের বাউল সংগীতের বর্তমান অবস্থা তুলে ধরে গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, সারাদেশে বাউল সংগীত এখন কঠিন সময় পার করছে। বিভিন্ন জায়গায় বাউল গান বন্ধ করে দেওয়া হচ্ছে। বাউল শিল্পীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনাও ঘটছে। একজন প্রখ্যাত বাউল শিল্পী এখনও কারাগারে বন্দি রয়েছেন। এসব ঘটনা দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

তিনি বলেন, আমরা সারাদেশে বাউল শিল্পীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করতে চাই। বাউলদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এবং সংসদে আইন প্রণয়ন করে ধর্মের নামে বিভেদ সৃষ্টিকারীদের প্রতিরোধ করা হবে, যাতে তারা আইনের ফাঁক গলে পার না পায়।

জাঠিয়া বোচাই সাধুর আশ্রমের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে এই স্বতন্ত্র প্রার্থী জানান, নির্বাচিত হলে তাঁর প্রথম কাজ হবে এই আশ্রমে আসার রাস্তাটি পাকা করা, যাতে ভক্তরা সহজেই এখানে আসতে পারেন। এ আশ্রমের সার্বিক উন্নয়ন করা হবে এবং সারা বাংলার বাউল শিল্পীরা যাতে এখানে এসে বড় পরিসরে উৎসব করতে পারেন, সে ব্যবস্থাও করা হবে।

আরও পড়ুন

×