ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে আগুন, প্রাণ গেল মা ও ছোট্ট শিশুর

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে আগুন, প্রাণ গেল মা ও ছোট্ট শিশুর
×

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১১ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৫

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী ও তার এক বছর বয়সী শিশুকন্যা নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকার কৃষক মো. রান্টুর স্ত্রী আতিয়া খাতুন (২৮) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা আক্তার।

অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আগুনে মোট চারটি ঘর, বসতবাড়ির আসবাবপত্র এবং পাশের একটি মুদি দোকান পুড়ে যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ১২টি ছাগল মারা গেছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুজন নিহতের তথ্য নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×