ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন
×

ঝালকাঠির বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটারদের এমন দীর্ঘ লাইন দেখা যায়। ছবি : সমকাল

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫৫

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ কার্যক্রম কোনো বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শহরের ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি সরকারি কলেজ এবং সদর উপজেলার কুতুবকাঠি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, নারী ও পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছেন। ভোটারদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ঝালকাঠির দুটি আসনে মোট ২৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ১ হাজার ৩৩৫টি ভোটকক্ষ রয়েছে। জেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ লাখ ১ হাজার ৮৭৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৯১ হাজার ৯৪৫ জন। এছাড়াও জেলায় ৪ জন হিজড়া ভোটার রয়েছেন। ঝালকাঠি-১ আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ আসনে ৮ জন প্রার্থীসহ মোট ১৮ জন প্রার্থী এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লড়াইয়ে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২৩৭টি ভোটকেন্দ্রের সবকটিতেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলায় নিয়োজিত রয়েছেন পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ মোট ৪ হাজার ৫৭৯ জন সদস্য। পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দিচ্ছে। প্রশাসন জেলার ১৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, যার মধ্যে ৮৩টি গুরুত্বপূর্ণ এবং ৫০টি অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব কেন্দ্রে বিশেষ নজরদারির পাশাপাশি বাড়তি পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানিয়েছেন, ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেন ভোটগ্রহণ সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেই পরিবেশ বজায় রাখাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।

আরও পড়ুন

×