ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাউজানে ভোটকেন্দ্রে নারী ভোটারের উপচে পড়া ভিড় ও উৎসবের আমেজ

রাউজানে ভোটকেন্দ্রে নারী ভোটারের উপচে পড়া ভিড় ও উৎসবের আমেজ
×

রাউজানে একটি কেন্দ্রে নারী ভোটারদের উপচে পড়া ভিড়। ছবি ; সমকাল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:০৩

চট্টগ্রামের রাউজানে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের মিশ্র উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও বিভিন্ন কেন্দ্রে উপস্থিতির চিত্রে ভিন্নতা দেখা যায়। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে আবদুল জব্বার ইয়াংমেন সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্রে সকালে ভোটার সংখ্যা কিছুটা কম ছিল। 

একইভাবে পাশের গহিরা কলেজ পুরুষ কেন্দ্রেও শুরুতে ভোটারের খরা দেখা যায়। এই গহিরা কলেজ কেন্দ্রেই ভোট দিয়েছেন বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ভোট প্রদান শেষে তিনি অন্যান্য কেন্দ্র পরিদর্শনে চলে যান। তবে গহিরা এলাকায় ভোটারের উপস্থিতি কম থাকলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে দক্ষিণ সর্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

দক্ষিণ সর্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে সকাল থেকেই ছিল ভোটারের উপচে পড়া ভিড়, যার সিংহভাগই নারী। সকাল ১০টার দিকে বিভিন্ন বয়সী নারী ভোটারের দীর্ঘ সারি স্কুল মাঠ ছাড়িয়ে যেতে দেখা যায়। তবে ভোট গ্রহণের গতি ধীর হওয়ায় কড়া রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে অনেক ভোটারকে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে। কেন্দ্র থেকে আধা মাইল দূর থেকে আসা বয়স্ক পারভীন আক্তার জানান, দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তবে ভোট দিতে পেরে তাঁর ভালো লাগছে। ষাটোর্ধ্ব মনোয়ারা বেগমও দীর্ঘ অপেক্ষার কষ্ট ভুলে এলাকার মানুষের সঙ্গে ভোট দিতে পারার আনন্দ ভাগ করে নেন। এছাড়া মীরা নাথ ও মিলির মতো হিন্দু ভোটারদের মাঝেও ভোট দেওয়া নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে। তারা জানান, কোনো বাধা ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তাদের ভয় কেটে গেছে।

বিশেষ বিষয় হিসেবে লক্ষ্য করা গেছে যে, বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কেন্দ্রে উপস্থিতি কম থাকলেও দলটির মনোনয়ন বঞ্চিত নেতা গোলাম আকবর খোন্দকারের কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল সবার নজর কাড়ার মতো। বেলা পৌনে ১১টায় দক্ষিণ সর্তা কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন গোলাম আকবর খোন্দকার। ভোট দেওয়ার পর তিনি জানান, বড় দলে মতবিরোধ থাকা স্বাভাবিক হলেও বৃহত্তর স্বার্থে তারা ঐক্যবদ্ধ। দীর্ঘ ১৭ বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় তারা পছন্দের প্রার্থীকে বেছে নিতে কেন্দ্রে ভিড় করছেন এবং আজকের ফলাফলই তা প্রমাণ করবে।

দক্ষিণ সর্তা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মনির হোসাইন জানান, এবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোট দিতে ভোটারদের কিছুটা বাড়তি সময় লাগছে, যার ফলে লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। কেন্দ্রটিতে মোট ৪ হাজার ৭৮৮ জন ভোটার রয়েছেন এবং ১০টি বুথে ভোট গ্রহণ চলছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় এক হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে তিনি নিশ্চিত করেন। রাউজানের অধিকাংশ কেন্দ্রে এভাবেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলতে দেখা গেছে।
সম্পাদনা:রীমা ইসলাম

আরও পড়ুন

×