ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ভোটের পরিবেশ সন্তোষজনক: আমীর খসরু

ভোটের পরিবেশ সন্তোষজনক: আমীর খসরু
×

চট্টগ্রামের উত্তর কাট্টলি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:০৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:০৮

নিজেকে ভোট দিতে পারেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-১১ বন্দর পতেঙ্গা আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেও তিনি ভোট দিয়েছেন তার পৈত্রিক ঠিকানা চট্টগ্রাম-১ সীতাকুণ্ড আসনে। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছেলে ইস্রাফিল খসরুকে নিয়ে উত্তর কাট্টলি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান তিনি। ভবনের দ্বিতীয় তলার একটি বুথে ভোট দিয়ে নিচে এসে ব্যক্ত করেন প্রতিক্রিয়া। 

আমীর খসরু চৌধুরী বলেন, জাতির ক্রান্তিকালে মানুষ সব সময় আস্থা রেখেছে বিএনপির উপর। এবারও সেটার প্রতিফলন হবে ভোটের মাধ্যমে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সন্তোষজনক। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে বিপুল মানুষ। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমরা।’

ভোটের পরিবেশ সম্পর্কে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘এখানে আসার আগে বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছি। সব জায়গায় ভোটারের দীর্ঘ লাইন। মানুষের মনের কথা যদি ব্যালটে ঠিকঠাকভাবে প্রতিফলিত হয়, ভোট বিপ্লব হবে এবারে।’ 

ফলাফল যাই হোক মেনে নেবেন কিনা- এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জনগণের মতামতের প্রতি আমরা সব সময় শ্রদ্ধাশীল। কিন্তু জনমত যাতে প্রতিফলিত হয়, শেষ পর্যন্ত সেদিকে নজর রাখতে হবে সবার।’ 

জুলাই যোদ্ধাদের স্মরণ করে তিনি বলেন, ‘যাদের রক্তের বিনিময় এমন উৎসবমুখর পরিবেশ এসেছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরহুম জিয়াউর রহমানকে। গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকেও স্মরণ করছি শ্রদ্ধার সাথে। গণতন্ত্রের জন্য জীবনের সুবর্ণ সময় বিসর্জন দেওয়া তারেক রহমানকেও স্মরণ করছি শ্রদ্ধাভরে। সবার আত্মত্যাগের কারণেই আজকে এসেছে গণতন্ত্র। ফিরেছে এমন  উৎসবমুখর দিন।’

আরও পড়ুন

×