ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মহিনের জামিন

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মহিনের জামিন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২২:২২

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

এক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। বিষয়টি বৃহস্পতিবার প্রকাশ্যে আসে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন সাংবাদিকদের বলেন, মহিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকার ভিত্তিতে হাইকোর্ট তাকে সোহাগ হত্যা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। তবে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, জামিনের আদেশ স্থগিত চেয়ে আবেদন (লিভ টু আপিল) করবে রাষ্ট্রপক্ষ।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের কাছে রজনী ঘোষ লেনে ৩৯ বছর বয়সী সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ইট-পাথর দিয়ে বারবার আঘাত করে হত্যা করে একদল দুর্বৃত্ত। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরদিন নিহত সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫–২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

চলতি বছরের ১২ জুলাই এ মামলায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। জামিন আবেদনের শুনানিতে মহিনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান।

আরও পড়ুন

×