সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার প্রতিবেদন দাখিলের নির্দেশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২২:১৯
একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুর ‘প্রোস্টেট ক্যান্সার’ চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন সাত দিনের মধ্যে দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এ আদেশ দেন। আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ।
ব্যারিস্টার হামিদুল মিসবাহ সাংবাদিকদের জানান, ২০২৩ সাল থেকে মোজাম্মেল বাবু প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ২০২৫ সালে এ বিষয়ে তার একটি পরীক্ষা করা হয়েছিল। তবে ওই পরীক্ষার প্রতিবেদন আসামিপক্ষকে দেওয়া হয়নি। সেই প্রতিবেদনটি সাত দিনের মধ্যে ট্রাইব্যুনালে দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়েছিল বলে সে সময় জানানো হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।
মোজাম্মেল বাবুর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং শাপলা চত্বরে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা ছাড়াও চাঁদাবাজি ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
- বিষয় :
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
- মামলা