ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধ

রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৮:০২

জুলাই গণঅভ্যুত্থানের সময় দুজনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ পলাতক ৩৪ জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। শুনানিতে তিনি বলেন, এ মামলায় ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালিয়েও সন্ধান পাননি। পরে এ বিষয়ে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দেওয়া হয়। এ অবস্থায় তাঁদের ট্রাইব্যুনালে হাজিরের জন্য দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন রয়েছে।

শুনানি শেষে ট্রাইব্যুনাল পলাতক ৩৪ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

এদিন মামলায় গ্রেপ্তার চার আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক।

পলাতক ৩৪ জন হলেন এএইচএম খায়রুজ্জামান লিটন, বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমান, আব্দুল হামিদ সরকার ওরফে টেকন, আনোয়ার হোসেন ওরফে আনার, আরমান আলী, আব্দুল মোমিন, শাহাদত হোসেন শাহু, তৌহিদুল হক সুমন, মাহতাব হোসেন চৌধুরী, আলাউদ্দিন ওরফে আলাল, সরিফুল ইসলাম বাবু, মো. নাবিল হাসান, মাহমুদুল হাসান রাজীব, ফরহাদ হোসেন বিপ্লব, তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল ওরফে রিগেন, আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, ফয়সাল আহমেদ রুনু, নুর মোহাম্মদ সিয়াম, আসাদুল্লা-হিল-গালিব, গোলাম কিবরিয়া, আলাল পারভেজ লুলু, মনিরুজ্জামান খান ওরফে মনির এবং শফিকুজ্জামান ওরফে শফিক।

এর আগে গত ১৮ আগস্ট ৩৮ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। এর আগে ৩০ জুলাই প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক এলাকায় স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি করে হত্যা করা হয়। একই সময়ে শাহ মখদুম কলেজের সামনে হত্যার শিকার হন আনজুম সাকিব। এ ছাড়া সালমান ওরফে শিমুলসহ আরও অনেকে আহত হন।

অভিযোগে বলা হয়, শেখেরচক স্বচ্ছ টাওয়ারের সামনে, শাহ মখদুম কলেজের সামনে, পদ্মা নদীর বেড়িবাঁধ, আলুপট্টি মোড় ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে, যা মানবতাবিরোধী অপরাধের শামিল এবং শাস্তিযোগ্য।

আরও পড়ুন

×