সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২২:০৮
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন পরিচালকসহ চার কর্মকর্তাকে সকালে বদলি ও অতিরিক্ত দায়িত্ব দিয়ে আদেশ জারি করার পর একই দিন বিকেলেই তা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকালের এক আদেশে তাদের বদলি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। পরে বিকেলে আগের আদেশটি স্থগিত করা হয়।
সকালের আদেশে প্রকৌশল অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক এয়ার কমডোর মো. মঞ্জুর-ই-আলমকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের পরিচালক মো. রাশেদুল করিমকে কার্গো বিভাগের পরিচালক, কর্পোরেট প্লানিং অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক এম. মাসুদুর রহমানকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের পরিচালক বদলি করা হয়।
অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের প্রধান প্রকৌশলী এ আর এম কায়সার জামানকে এ দায়িত্বের পাশাপাশি প্রকৌশল অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের পরিচালক পদে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ অতিরিক্ত হিসাবে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছিল। পরে আজ বিকেলে প্রতিষ্ঠানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের সহকারী ব্যবস্থাপক প্রশাসন (পার্সোনেল) কাজী রাজীব হোসেন স্বাক্ষরিত আদেশে আগের আদেশ স্থগিত করা হয়।
তবে একই দিনে বদলি ও পরে ওই আদেশ স্থগিতের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
- বিষয় :
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- বদলি
- স্থগিতাদেশ