ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ডুমুরিয়া উপজেলার সব কেন্দ্রের ভোট পুনরায় গণনার আবেদন জামায়াত সেক্রেটারির

ডুমুরিয়া উপজেলার সব কেন্দ্রের ভোট পুনরায় গণনার আবেদন জামায়াত সেক্রেটারির
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ডুমুরিয়া উপজেলার সব ভোটকেন্দ্রের বৈধ ব্যালট পুনরায় গণনা এবং বাতিল করা ভোট পুনরায় পরীক্ষার আবেদন করা হয়েছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি ও খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের পক্ষে তার নির্বাচনী এজেন্ট মিয়া গোলাম কুদ্দুস শুক্রবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের দপ্তরে এই আবেদন করেন।

তবে রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, ‘ফলাফলের গেজেট প্রকাশের পর নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। এর আগে কিছু করার নেই।’

মিয়া গোলাম পরওয়ারের পক্ষে মিয়া গোলাম কুদ্দুসের আবেদনে উল্লেখ করা হয়, ‘খুলনা-৫ এর অন্তর্গত ডুমুরিয়া উপজেলার ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার সঠিকভাবে বৈধ ব্যালট পেপার গণনা না করে সম্পূর্ণ অন্যায়ভাবে দাঁড়িপাল্লা প্রতীকের বৈধ ব্যালট পেপার বাতিল করে ও গণনা বহির্ভূত রেখে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবীর তুলনায় সামান্য ভোটের ব্যবধানে আমাকে পরাজিত করা হয়েছে।'

মিয়া গোলাম পরওয়ারের আবেদনে আরও উল্লেখ করা হয়, ‘আমার পোলিং এজেন্টদের আপত্তি সত্ত্বেও প্রিজাডিং অফিসাররা বৈধ ব্যালট পেপার পুনরায় গণনা করেননি ও বাতিলকৃত ভোটগুলো পুনরায় পরীক্ষা করেননি। বৈধ ব্যালট পেপারগুলো পুনরায় গগনা ও বাতিলকৃত ভোটগুলো পুনরায় পরীক্ষা করে একত্রে পুনরায় গণনা করলে আমি বিজয় লাভ করব।’

আরও পড়ুন

×