কর্মী সমাবেশে জিলানী
এখন থেকে কোনো দালালি ব্যবসা করা যাবে না
এস এম জিলানী
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:২৬ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:২৯
| প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘এখন থেকে কোনো রকম দালালি ব্যবসা করা যাবে না, থানায়ও না। একজনে বলবে আমার কাজটা করে দাও, চাকরি দিয়ে দাও, আমি দেব। আমার কাছে এলে বিনা পয়সায় চাকরি দিয়ে দেব। দালালি খাওয়া যাবে না। রাজনীতি করতে আসছি, ব্যবসা করতে আসিনি।’
গত শুক্রবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের নিজ বাসভবনে কর্মী সমাবেশে এসব কথা বলেন এস এম জিলানী। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি মনে করে থাকেন, জিলানী ভাই ক্ষমতা পেয়ে গেছেন। এমপি হয়ে গেছেন, হয়তো মন্ত্রীও হবেন। তাই যা ইচ্ছে তাই করবেন। তাহলে ওদের (আওয়ামী লীগ) থেকেও খারাপ আবস্থা হবে আপনাদের। তাই এমন কিছু করা যাবে না।
নেতাকর্মীদের সতর্ক করে এস এম জিলানী বলেন, যে দলটি দেশ থেকে পালিয়ে গেছে, এই দলটার যে কী ক্ষমতা ছিল? ১৭ বছর আপনারা দেখেছেন না? এত এত ক্ষমতা! এখন ক্ষমতা নেই। সে জন্য করজোরে মিনতি করে বলি, এমন কোনো কাজ করবেন না যা করলে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবো। সে উচ্চ পর্যায়ের হন আর নিম্ন পর্যায় হন। আমি কিন্তু চোখে কালো চশমা পরে ফেলব। আমার চেহারা কিন্তু আরেক রকম দেখবেন। এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি।
- বিষয় :
- গোপালগঞ্জ-৩
