সংরক্ষিত আসনে লীরার সম্ভাবনা দেখছেন ফুলবাড়িয়াবাসী
ফাহসিনা হক লীরা
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:১৬
| প্রিন্ট সংস্করণ
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ময়মনসিংহের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফাহসিনা হক লীরা। তিনি ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। প্রায় দুই দশকের বেশি সময় ধরে তিনি নারী শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও নারীদের দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আজিজুর রহমান জানান, ফাহসিনা হক লীরা শুধু রাজনৈতিক নেত্রী নন, একজন মানবিক সংগঠকও। বন্যা, করোনা মহামারি এবং বিভিন্ন দুর্যোগের সময় তিনি খাদ্য বিতরণ, আশ্রয় সহায়তা এবং জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে ব্যাপক প্রচার চালিয়েছেন।
ফাহসিনা হক লীরা শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি। তাঁর বাবা এ কে ফায়জুল হক ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, যিনি বিচারপতি আব্দুস সাত্তারের আমলেও দায়িত্ব পালন করেন। তাঁর স্বামী আখতারুল আলম ফুলবাড়িয়া বিএনপির আহ্বায়ক।
ফাহসিনা হক লীরা মনে করেন, সুযোগ পেলে তিনি জাতীয় সংসদে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং স্থানীয় উন্নয়ন নিয়ে কাজ করবেন।
উপজেলা বিএনপির সদস্য শামছুল হক সুমন বলেন, ফাহসিনা হক লীরা দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। তিনি এমপি হলে এলাকার মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল ফজলের মতে, ফাহসিনা হক লীরা সংরক্ষিত মহিলা আসনে একজন সম্ভাবনাময় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
- বিষয় :
- সংরক্ষিত আসন দাবি
