প্রেমিকের সন্ধানে রাজবাড়ীতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
প্রতীকী ছবি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ১৮:৫৮ | আপডেট: ০১ মার্চ ২০২৬ | ২১:৫৭
রাজবাড়ীর পাংশায় কথিত প্রেমিকের সন্ধানে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ময়মনসিংহের এক তরুণী। শুক্রবারের ঘটনায় আজ রোববার তিনি পাংশা থানায় দুজনের নামে মামলা করেছেন।
তারা হলেন– উপজেলার সরিষা ইউনিয়নের বাজেয়াপ্ত বাঙ্গালী গ্রামের আকাশ মণ্ডল (২৯) ও সরিষা গ্রামের জামাল মণ্ডল (২২)।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সাত মাস আগে টিকটকের মাধ্যমে তাঁর পরিচয় হয় পাংশার সজল নামে এক যুবকের সঙ্গে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে সজল তাঁর সঙ্গে যোগাযোগ করছিলেন না। এজন্য গত ২৭ ফেব্রুয়ারি সজলের সঙ্গে দেখা করতে তিনি ময়মনসিংহ থেকে পাংশায় আসেন।
ওই তরুণীর অভিযোগ, সজলের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল তাঁকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকায় নিয়ে যায়। পরে একটি মাদ্রাসার উত্তর পাশে অবস্থিত সরকারি আশ্রয়কেন্দ্রের কক্ষে নিয়ে যায়। তিনি সজলের বাড়িতে নেওয়ার কথা বললে দুজন সকালে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে রাতে ওই কক্ষে থাকতে বাধ্য করে। এ সময় বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে যায়। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আকাশ ও সজল কক্ষে ঢুকে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এমনকি ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় তারা।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
- বিষয় :
- রাজবাড়ী
- দলবদ্ধ ধর্ষণ
- মামলা
